বিইউবিটিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Apr 17, 2019 - Apr 17, 2019

বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন করতে আজ ৪ঠা বৈশাখ, ১৪২৬, বুধবার (১৭ এপ্রিল ২০১৯) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)’র শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিইউবিটি ট্রাস্টের সাবেক চেয়ারম্যান জনাব এ এফ এম সারওয়ার কামাল। এসময় তিনি বলেন, বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা বাঙ্গালি জাতির একটি সার্বজনীন উৎসব। এটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সোৎসাহে উদযাপন করতে পারে। অন্য কোন উৎসবের বেলায় তা সম্ভব হয় না। বাঙ্গালির আত্মপরিচয়ের বিকোশ ঘটাতে এ উৎসব অত্যন্ত প্রয়োজনীয়। এমন উৎসবে সামিল হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের দেশপ্রেমের সঠিক দীক্ষা দেওয়া সহজ হয়।
বিইউবিটি’র উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ এতে সভাপতিত্ব করেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিইউবিটি’র ট্রেজারার প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর মিঞা লুৎফার রহমান।
বৈশাখী মেলায় স্টল বসিয়ে ম্যানেজমেন্ট, একাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স, ইংরেজি, গণিত ও পরিসংখ্যান, আইন, কম্পিউটার বিজ্ঞান (সিএসই), ট্রিপল-ই, টেক্সটাইলস ও ইকনমিক্স বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি কারুপণ্য, খাদ্য, পোশাক ও সখের জিনিসসহ নানান দেশীয় পণ্য প্রদর্শন করে। বিইউবিটি ট্রাস্টের সদস্যবৃন্দ, শিক্ষক- কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়। বিকেল ৫টা পর্যন্ত চলে মেলার কার্যক্রম। বিইউবিটি কালচারাল ক্লাবের উদ্যোগে এসময় বৈশাখী নাচ ও বাংলা লোক-গানের আয়োজন করা হয়।
মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, চেয়ারম্যানবর্গ, জয়েন্ট রেজিস্ট্রার, ক্যারিয়ার বিষয়ক পরিচালক, প্রক্টর, প্রমুখ।